শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ চার লাখ ১৮ হাজার ৫২ টাকা ইউজার ফি জমা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাগুরা জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ ইউজার ফি জমার পরিমাণ।
সরকারি নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের টিকিট, জরুরি বিভাগ, পরীক্ষাগার, এক্স-রে, ইসিজি ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবার জন্য নির্ধারিত ফি দিতে হয়। এসব সেবা থেকে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটনের পরামর্শ এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং শ্রীপুর উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার প্রতি আস্থার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে।
জনবলসংকট থাকা সত্ত্বেও ইউজার ফি জমার এ অর্জনে জরুরি বিভাগ, প্যাথলজি, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, অ্যাম্বুলেন্স, আল্ট্রাসনোগ্রাফি ও রেডিওলজি বিভাগের ইনচার্জ, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মীদের আন্তরিকতার প্রশংসা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন।