যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে কর্মশালা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০২:০৪ পিএম
পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে কর্মশালা

বাল্যবিয়ে, শারীরিক শাস্তি ও শিশুশ্রম প্রতিরোধের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যে খুলনার পাইকগাছায় ধর্মীয় নেতাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার (২৫ ও ২৬ জুন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের হলরুমে 'ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা-২০২৬' শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন মসজিদের ৬০ জন ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার দীপল বিশ্বাস।

শুভেচ্ছা বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব আইসাক সরদার বলেন, ধর্মীয় নেতারা সমাজে সচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিয়ে, শিশুশ্রম, শিশু নির্যাতন ও শারীরিক শাস্তি প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।

কর্মশালার প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুফতি মাওলানা শায়খ মুহাম্মদ উসমান গনি। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও শারীরিক শাস্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মানবিক, সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক আচরণের গুরুত্ব তুলে ধরে এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, প্রোগ্রাম অফিসার পলাশ বিশ্বাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার মারছিয়া হালদার এবং রিনি পারইসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

কর্মশালায় অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশু অধিকার সুরক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন