স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সোনা ও রুপার গহনা, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটক সুনীল কুমার বিশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মৃত সমরেশ চন্দ্র বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার বাঘারপাড়া থানা-পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এক বিশেষ অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় জসিম উদ্দিনের বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তা থেকে সন্দেহভাজন হিসেবে সুনীল কুমার বিশ্বাসকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি এবং সাথে থাকা ব্যাগ থেকে ৭ ভরি ৯ আনা সোনার গহনা, ২৫৩ ভরি ৭ আনা রুপার গহনা, নগদ ৭০ হাজার ৫০০ টাকা, একটি পুরোনো ডিসকাভার মোটরসাইকেল এবং একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার আটক সুনীলকে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উদ্ধার করা সোনা ও রুপার গহনা চোরাচালানের উদ্দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধানে অধিকতর তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।