র্যাবের বিশেষ গণবিজ্ঞপ্তি
পরিচয় গোপন রাখা হবে
সুবর্ণভূমি ডেস্ক
হারানো বা লুণ্ঠিত সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কঠোর অবস্থানের পাশাপাশি পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সম্প্রতি বাহিনীর পক্ষ থেকে জারি করা এক ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’তে জানানো হয়েছে, স্বেচ্ছা ও স্বতঃস্ফূর্তভাবে হারানো সরকারি অস্ত্রের সঠিক তথ্য দিলে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা এবং তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ারও নিশ্চয়তা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত এই সুযোগ বহাল থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তথ্যদাতাদের জন্য শ্রেণিভেদে আর্থিক পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
রাইফেল, এসএমজি, এলএমজি এবং স্নাইপার: প্রতিটির তথ্য প্রদানে দুই লাখ টাকা।
শটগান, পিস্তল এবং গ্যাসগান: প্রতিটির জন্য ৫০ হাজার টাকা।
সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল: প্রতিটির জন্য দেড় হাজার টাকা।
সকল প্রকার গোলাবারুদ (প্রতি রাউন্ড): ৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্ণিত সময়সীমার মধ্যে স্বেচ্ছায় তথ্য দিলে তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তার বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য প্রদানের উপায় ও হটলাইন:
অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত তথ্য সরাসরি জানাতে র্যাব হটলাইন নম্বর ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। র্যাবের নির্ধারিত হটলাইন নম্বরে Whatsapp, imo, Telegram এবং Viber অ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো যাবে।
মোবাইল/মেসেজিং হটলাইন: ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪, টেলিফোন: ০২৫৫৬৬৯৯৯৯
জনস্বার্থে ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণকে নির্ভয়ে এগিয়ে এসে তথ্য দেওয়ার জন্য র্যাবের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি