স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শিক্ষাবোর্ডসহ দেশের সকল কলেজে ‘বিশেষ কোটায়’ পাঁচ ধরনের শিক্ষার্থী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।
বিশেষ শিক্ষার্থীরা হলো, বিশেষ চাহিদা (প্রতিবন্ধী) সম্পন্ন শিক্ষার্থী, প্রবাসী সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা।
যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কুবায়েত হোসেন বলেন, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিল করা হয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে তারা পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে তাদের আবেদন করার প্রয়োজন নেই। শিক্ষাবোর্ড থেকে তাদের জন্য কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ করা হবে না। এই পাঁচ ধরনের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, প্রবাসী সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি ফরম পূরণ করবে। ভর্তি ফরমের সাথে তারা বিশেষ কোটার প্রমাণপত্র উপস্থাপন করবে। সংশ্লিষ্ট ওইসব শিক্ষার্থীদের বিশেষ কোটার প্রমাণপত্র যাচাই-বাছাই করে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাঁচ ধরনের শিক্ষার্থীদের ম্যানুয়ালে ভর্তির বিষয়টি উল্লেখ করেছেন।