সুবর্ণভূমি ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংগৃহীত-
ছবি:
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেখানে বিভিন্ন অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনে বেশ কিছু অনিয়মও তার নজরে আসে।
হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগী ও স্বজনরা অভিযোগ করেন, প্রয়োজনের সময় ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও করেন তারা।
অভিযোগ শুনে রোগীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না।’
এ ছাড়া তিনি জানান, হাম প্রতিরোধে চার কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচি উদ্বোধন করবেন।