কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাতলামারী-খলিসাকুন্ডি মাঠের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহান আলী মিরপুর উপজেলার সদরপুর মাদরাসাপাড়া এলাকার বাসিন্দা আয়ুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস কাতলামারী-খলিসাকুন্ডি মাঠের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নছিমনচালক জাহান আলী নিহত হন। দুর্ঘটনায় নছিমন ও বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।