খুলনা প্রতিনিধি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিরাপত্তাকর্মী সফিকুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৪২ বছর।
সফিকুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরদেহ গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নেওয়ার কথা।
সেখানে শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর জানাজা শেষে তাকে দাফন করা হবে।
সফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সালাউদ্দীন এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা।