অভয়নগর প্রতিনিধি
, যশোর
অভয়নগরে বাহারুল মল্লিক হত্যা মামলায় উদ্ধার করা পিস্তল, গুলি ও ওয়ান শুটারগান।
ছবি:
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান।
জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিকের (৪৩) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। পরে ওই মামলায় খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার রমজান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ বোরের ‘ইউপি’ লেখা পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
সোমবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামি রমজান আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’