সুবর্ণভূমি ডেস্ক
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কুনার প্রদেশের একটি বাড়িতে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে কয়েক মাসের আপেক্ষিক শান্তির পর এ হামলা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। তবে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
আফগান কর্মকর্তাদের দাবি, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় আরও দুটি স্থানে হামলা চালানো হয়েছে। এতে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর কয়েক দিন আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন নিহত হন। এর আগে মার্চ মাসেও পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল।
সূত্র: রয়টার্স