মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (দুপুরে) উপজেলার চৌগাছা গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জুয়েল হোসেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আবুল হাসেনের ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, ঘটনার দিন শিশুটি মাছ ধরা দেখতে যায়। এ সময় পূর্বপরিচিত জুয়েল হোসেন তাকে মাছ দেওয়ার কথা বলে পাশের একটি আমবাগানে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে। পরদিন বাথরুমে যাওয়ার পর ব্যথায় কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা প্রকাশ পায়।
এরপর তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গাংনী উপজেলার গাঁড়াডোব এলাকা থেকে অভিযুক্ত যুবককে তার নানার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।