মাগুরা প্রতিনিধি
সুবর্ণভূমি—
ছবি:
বিরোধী দলের নেতারা সংসদে এক কথা বলে বাইরে আরেক কথা বলছেন—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট বিগত সরকারের সময় থেকে বর্তমান সরকারের ওপর এসে পড়েছে। বিরোধী দলের নেতারা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে’—এমন বক্তব্য দিয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
মাগুরার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
মাগুরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
পরে বিকেলে মাগুরা জেলা বিএনপি আয়োজিত জেলা অডিটরিয়ামের এক সমাবেশে বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।