সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের পেছনে তুজলপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব হোসেন ভুট্টো পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে তুজলপুর মাঠ এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন সোহরাব। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। স্থানীয়দের দাবি, এর আগেও সোহরাব চুরির ঘটনায় জড়িত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।