মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
সুবর্ণভূমি—
ছবি:
ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ও সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
এ সময় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজের গুরুত্বপূর্ণ অংশ। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অনুদান কার্যকর ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত হবে।
অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুদান দেওয়ায় জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।