যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসম্পূর্ণ নবগঙ্গা সেতু, দুর্ভোগে দু’পাড়ের মানুষ

ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল, নতুন দরপত্রের উদ্যোগ

রূপক মুখার্জি

, লোহাগড়া (নড়াইল)

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ১০:০০ এ এম
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু, দুর্ভোগে দু’পাড়ের মানুষ

নড়াইলের লোহাগড়া উপজেলার ফেদি বাজার ঘাট এলাকায় নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের লক্ষাধিক মানুষ। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএলের সঙ্গে চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রতিষ্ঠানটিকে করা হয়েছে ৩৪ লাখ টাকা জরিমানাও।

এদিকে সেতুর অসমাপ্ত কাজ শেষ করতে প্রায় পাঁচ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ সেতুটির নির্মাণ কাজ শেষ হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে নবগঙ্গা নদী দীর্ঘদিন ধরেই বড় প্রতিবন্ধকতা। লোহাগড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষকে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন জেলা সদরে যাতায়াত করতে হয়। কিন্তু নদীর ওপর সেতু না থাকা কিংবা সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন মুমূর্ষু রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে নদী পারাপার থেকে শুরু করে পণ্য পরিবহন—সব ক্ষেত্রেই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

এলজিইডিতে খোঁজ নিয়ে জানা যায়, নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে ফেদি বাজার ঘাট এলাকায় নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয় দশ কোটি ৬৫ লাখ টাকা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যশোরভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএলকে নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের মধ্যে সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দফায় দফায় সময় বাড়ানোর পর সর্বশেষ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত নির্মাণ কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। এরপরও সেতুর মাত্র ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়। বাকি থাকে ৩০ শতাংশ কাজ। অথচ এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে প্রায় সাত কোটি দশ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। বর্তমানে নদীর দুই পাড়ে সেতুর অসমাপ্ত কাঠামো দাঁড়িয়ে থাকলেও তা দিয়ে চলাচলের সুযোগ নেই।

সেতুর কাজ অসম্পূর্ণ থাকায় স্থানীয় বাসিন্দাদের নদী পারাপারে ভরসা এখন মাত্র দুটি ছোট নৌকা। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে হাজারো মানুষকে। বিকল্প বা ঘুরপথ ব্যবহার করতে গিয়ে বাড়ছে যাতায়াতের সময় ও ব্যয়। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তি আরও প্রকট হয়ে উঠেছে।

ফেদি বাজারের মুদি দোকানি দুলাল মোল্যা বলেন, ‘এখন মাত্র দুটি ছোট নৌকার ওপর নির্ভর করে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে হাজার হাজার মানুষকে। বিকল্প বা ঘুরতি পথ ব্যবহার করতে গিয়ে স্থানীয়দের অতিরিক্ত সময় ও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আমরা সেতুটি নির্মাণ চাই।’

ভুমুরদিয়া বাজারের পাট ব্যবসায়ী আনিস সরদার বলেন, ‘দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগ থেকে আমরা মুক্তি পেতে চাই। দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নবগঙ্গা নদীর ওপর সেতুর নির্মাণকাজ শেষ করে তা সর্বসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে—এমনটি প্রত্যাশা করছি।’

এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এলজিইডি। নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বলেন, ‘বারবার সময় দেওয়ার পরও চুক্তি অনুযায়ী কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় আইসিএল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেতুটির অসমাপ্ত ৩০ শতাংশ কাজ শেষ করার জন্য চার কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হবে।’

স্থানীয়দের প্রত্যাশা, দরপত্র প্রক্রিয়া শেষ করে দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সেতুর বাকি কাজ সম্পন্ন করা হবে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে নবগঙ্গা নদীর ওপর সেতুটি চালু হলে লোহাগড়ার পাঁচটি ইউনিয়নের মানুষের জেলা সদরে যাতায়াত সহজ হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)