পাইকগাছা প্রতিনিধি
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।