যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উইপোকায় নষ্ট কৃষকের ২ লাখ টাকা, পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রপ্রবাসীরা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০১:৫০ এ এম
উইপোকায় নষ্ট কৃষকের ২ লাখ টাকা, পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রপ্রবাসীরা

গাইবান্ধার অসহায় কৃষক তোফাজ্জল হোসেনের সারা জীবনের সঞ্চয় দুই লাখ টাকা উইপোকা ও ইঁদুরে নষ্ট করে দেওয়ার ঘটনায় তার পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। তাদের পাঠানো দুই লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন ৭২ বছর বয়সী এই কৃষক। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তোফাজ্জল হোসেনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন। এ সময় কৃষকের বড় মেয়ে মোসাম্মৎ মোর্শেদা ও গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ উদ্দিন বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের নষ্ট হয়ে যাওয়া দুই লাখ টাকা শুধু অর্থ নয়; এটি তার ঘাম, স্বপ্ন, ভবিষ্যৎ ও নিরাপত্তার প্রতীক। একজন প্রান্তিক কৃষকের সারা জীবনের পরিশ্রমের সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ার ঘটনা গভীরভাবে ব্যথিত করে।

তিনি বলেন, এই মানবিক উদ্যোগের সঙ্গে দেশে-বিদেশে যারা যুক্ত হয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়িয়েছে—এটি সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। মানবিকতার এমন বার্তা ছড়িয়ে দেওয়া সবার দায়িত্ব।

সমাজে মানুষের স্বপ্ন ধ্বংস করতে চাওয়া নানা ধরনের ‘উইপোকা’ রয়েছে উল্লেখ করে সালেহ উদ্দিন বলেন, এসব উইপোকাকে দমন করতে হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মানবিকতার কোনো সীমারেখা নেই। এর কোনো ধর্ম, বর্ণ বা গোত্র নেই। মানবিকতার জন্য পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু মমত্ববোধ ও ভালোবাসা।

তিনি বলেন, এই আয়োজন শুধু একজন প্রান্তিক কৃষককে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠান নয়, বরং সহানুভূতি ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। একজন অসহায় কৃষকের সঞ্চিত অর্থ উইপোকা ও ইঁদুরে নষ্ট করেছে জানতে পেরে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা তার পাশে দাঁড়িয়েছেন। এর মধ্য দিয়ে দেশের মানুষের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও দেশপ্রেমের প্রকাশ ঘটেছে।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে সাধারণ মানুষের জীবনমান ও প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার কতটা নিশ্চিত হয়েছিল, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে বর্তমান সরকার অসহায়, দরিদ্র, কৃষক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন। স্ত্রী ফাতেমা বেগম ও তিন মেয়েকে নিয়ে তার সংসার। অনেক কষ্টে মেয়েদের বিয়ে দিয়েছেন তিনি। তার কোনো ছেলে নেই।

একসময় ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তোফাজ্জল। বয়সের ভারে রিকশা চালাতে না পেরে গ্রামে ফিরে যান। এরপর কয়েক বছর ধরে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনোমতে সংসার চালাচ্ছিলেন তিনি ও তার স্ত্রী।

এ অবস্থায় আলমারিতে সঞ্চয় করে রাখা দুই লাখ টাকা উইপোকা ও ইঁদুরে কেটে টুকরো টুকরো করে ফেলে। জীবনের শেষ সম্বল নষ্ট হয়ে যাওয়ার পর টুকরো টাকার সামনে তোফাজ্জলের আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় দেশ-বিদেশের মানুষের মধ্যে সহমর্মিতা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা তার পাশে দাঁড়িয়ে দুই লাখ টাকা সহায়তা পাঠান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)