সুবর্ণভূমি ডেস্ক
রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে উপচে পড়া ভিড় দেখা গেছে। অপেক্ষাকৃত দর্শকদের ব্যারিয়ার ভেঙে ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউলের পরিবেশনা শুরুর কনসার্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন হাজারো ভক্ত-অনুরাগী।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় এই কনসার্টের আয়োজন করা হয়। প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে দুপুর থেকেই অ্যারেনার সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। সন্ধ্যা গড়াতেই অনুরাগী ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
একপর্যায়ে প্রিয় তারকা মঞ্চে ওঠার পূর্ব মুহূর্তে অ্যারেনার নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে যায় এবং হাজার হাজার দর্শক ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করেন।
দশর্ক উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে বাধ্য হয়ে কর্তৃপক্ষ প্রধান গেটগুলো খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
কনসার্টটির বড় আকর্ষণ ছিল, দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে স্টেজে পারফর্ম করেছেন গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসান। আরও পারফর্ম করেছেন নগর বাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।
এর আগে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, রক এন রিদম’র পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়, বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাম্বিয়েন্স ও অভিজ্ঞতা তৈরি করা।