যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর বোর্ডে এসএসসির বৃত্তি পেল দুই হাজার ৫২৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ১০:৫০ পিএম
যশোর বোর্ডে এসএসসির বৃত্তি পেল দুই হাজার ৫২৩ শিক্ষার্থী

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার ৫২৩ জনকে বৃত্তি দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত বৃত্তির তালিকায় ট্যালেন্টপুলে ৩৬২ জন এবং সাধারণ গ্রেডে দুই হাজার ১৬১ জন স্থান পেয়েছেন।

এ বছর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৮৮ হাজার ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে তারা বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা ও নির্ধারিত কোটা অনুসারে পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হয়। উচ্চশিক্ষার পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেওয়াই এ বৃত্তির উদ্দেশ্য।

বৃত্তির নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং সাধারণ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থী মাসে ৩৫০ টাকা করে পাবেন। এ ছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য ট্যালেন্টপুলের শিক্ষার্থীদের বছরে এককালীন ৯০০ টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীদের ৪৫০ টাকা দেওয়া হবে।

বোর্ড সূত্র আরও জানায়, বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবেন। সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন নিতে পারবে না। কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপ্রধান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন দাবি করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তির অর্থ উত্তোলন করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণে ব্যর্থ হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃত্তির মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে সংশ্লিষ্ট কোর্সের সমাপ্তি পর্যন্ত, অর্থাৎ তিন থেকে পাঁচ বছর। বৃত্তি পেতে শিক্ষার্থীকে অবশ্যই সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অন্যথায় বৃত্তির সুবিধা পাওয়া যাবে না।

তবে সরকার অনুমোদিত নির্দিষ্ট বৃত্তির বাইরে অন্য কোনো কারিগরি বা পেশাগত প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেলে নির্ধারিত শর্ত সাপেক্ষে দুটি বৃত্তিই ভোগ করার সুযোগ রয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন দশ জেলায় সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা খুলনায় ৩৮৬, বাগেরহাটে ২১১, সাতক্ষীরায় ২৪৫, কুষ্টিয়ায় ৩১৪, চুয়াডাঙ্গায় ১৫০, মেহেরপুরে ৯৬, যশোরে ৩৮৬, নড়াইলে ১০৫, ঝিনাইদহে ২৪৭ এবং মাগুরায় ১২২ জন।

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৮৮ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৭৮ জন।

বৃত্তির তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করে বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, সোমবার বৃত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃত্তির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)