স্টাফ রিপোর্টার
, যশোর
ফেনসিডিল চোরাচালান মামলায় শার্শার ওয়াহেদ আলী শেখ (৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ষষ্ঠ) আদালতের বিচারক শাহিনুর রহমান এক রায়ে এই সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত ওয়াহেদ আলী শেখ যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মফিজ উদ্দিন শেখের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুলাই যশোরের তৎকালীন র্যাব-৬ (বর্তমানে এসআরবি) গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কৃষ্ণপুর খালপাড়ের রাস্তায় অভিযান চালায়। সন্দেজনকভাবে ওয়াহেদ আলী শেখকে আটক ও তার কাছে থাকা বস্তা থেকে আড়াইশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তৎকালীন র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি কাওসার আজম বাদী হয়ে ওয়াহেদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে শার্শা থানায় মামলা করেন।
তদন্ত শেষে ডিবির তৎকালীন এসআই মুরাদ হোসেন আসামি ওয়াহেদকে অভিযুক্ত করে ৩১ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
ওয়াহেদ আলী শেখের উপস্থিতিতে ওই সাজার রায় ঘোষণা করেন বিচারক।