নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।সোমবার (০২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে এই ফোনগুলো হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন জানান, পুলিশের একটি দল বিগত এক মাস ধরে বিশেষ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশ সদস্যরা আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকা থেকে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হন।

আইনি প্রক্রিয়া শেষে আজ উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে ভুক্তভোগীরা নড়াইল জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।