স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের বকুলতলায় গরীব শাহ (র.) মাজারের সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
বুধবার জুলাইযোদ্ধা আব্দুল হালিম বাদী হয়ে এ মামলা করেছেন। তিনি কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের বিশ্বাসপাড়ার রাজ আলী বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত ২ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে শহরের ৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় গরীব শাহ (র.) মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। মোটরসাইকেলে করে তিনজন ঘটনাস্থলে যায় এবং দু’জন একটি পাত্র থেকে দাহ্য পদার্থ বের করে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা মোটরসাইকেলে দ্রুত ওই স্থান ত্যাগ করে।
এতে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে আগুনের কারণে কালো দাগ পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পারেন কেশবপুরের বাসিন্দা ও গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুল হালিম। তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে সাথে নিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে তিন ব্যক্তির মোটরসাইকেলে ঘটনাস্থলে আসা এবং দু’জনের নেমে অগ্নিসংযোগের দৃশ্য দেখা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এতে জুলাই ২০২৪ এর চেতনাকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করা হয়েছে।
অগ্নিসংযোগে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি সহযোগী, মদদদাতা ও অর্থ জোগানদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাদী।