নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন।
এ ঘটনার পর অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও প্রতিবেশীরা জানান, বেকার খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাগবিতণ্ডা করতেন। টাকা না পেয়ে মাঝেমধ্যে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরও করতেন।
এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন খায়রুল। একপর্যায়ে তিনি বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কোপ দেন।
এতে ঘটনাস্থলেই আফসার শেখের মৃত্যু হয়। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরপর খায়রুল পালিয়ে যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পলাতক খায়রুলকে আটকের চেষ্টা চলছে।’