সুবর্ণভূমি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন না হলে ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখার নেতা হতেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘জুলাইয়ে ছাত্রশিবির নীরব ভূমিকায় ছিল। আওয়ামী লীগের পতন না হলে শিবিরের কোনো নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার জন্য লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতেন। সাদিক কায়েম ও এস এম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা।’
বর্তমান পরিস্থিতিতেও ছাত্রশিবির একই ধরনের নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন নাছির। তাঁর মতে, আওয়ামী লীগ আবার ফিরে এলে ছাত্রশিবিরের নেতারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য নীরব আছেন তারা।
‘আওয়ামী লীগের কাছে ধর্ণা দিবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোনো রূপ বাধা দেইনি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে,’ বলেন নাছির।
মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গত দুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রেক্ষাপটে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবনসংলগ্ন শ্যাডো এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হলে এর চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটে।
শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনের এ ঘটনায় নিন্দা জানিয়ে ছাত্রদল নেতা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’
পোস্টে নাছির বলেন, ‘পতিত ফ্যাসিস্টের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে অবসন যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন।
‘শিক্ষার্থীরা বরং অনেক বেশি খুশি হতেন, যদি তিনি (হাসিব আল ইসলাম) এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াতেন।