যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২০-৩০ গুণ বাড়তি টাকা নেন ইউপি সচিব মৃণাল

আনোয়ার হোসেন

, মণিরামপুর (যশোর)

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ১২:০০ পিএম
২০-৩০ গুণ বাড়তি টাকা নেন ইউপি সচিব মৃণাল

ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তির বিরুদ্ধে জন্ম নিবন্ধনের ত্রুটি সংশোধনের নামে সরকারি খরচের বাইরে ২০ থেকে ৩০ গুণ বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি যশোরের মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের ভুক্তভোগী এক নারীর জন্মসনদে বয়স সংশোধনে সরকারি খরচের বাইরে ২১শ’ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আর পাসপোর্ট অনুযায়ী জন্মসনদ ডিজিটাল করে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছে তিন হাজার টাকা দাবি করেছেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, গত ২২ নভেম্বর পরিষদে নিজ দপ্তরে চেয়ারে বসে স্থানীয় রিপন নামে এক সেবাগ্রহীতার সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সচিব মৃণাল কান্তি। তিনি পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধন ডিজিটাল করতে তিন হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে সচিব বলছেন, ‘আমাকে টাকা দেওয়া লাগবে না। আমি আবেদন করে দিচ্ছি তুমি নিজে গিয়ে উপজেলা থেকে কাগজ ছাড়িয়ে আনো।’ তখন সেবাগ্রহীতাকে বলতে শোনা গেছে, ‘আমার কোন কাগজে ত্রুটি আছে সেটা দেখান। লাগলে আমি ছয় হাজার টাকা দেবো।’

ভিডিওতে তখন সচিবকে বলতে শোনা গেছে, ‘পাসপোর্টের সাথে মিল রেখে জন্মসনদ করাতে খরচ বেশি লাগে।’

উপজেলায় গেলে তিন হাজার টাকা লাগবে কি না সেবাগ্রহীতার এমন প্রশ্নের উত্তরে সচিবকে বলতে শোনা গেছে, ‘উপজেলায় গেলে আরও বেশি টাকা লাগবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, সেবাগ্রহীতা শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সামনের এলাকার বাসিন্দা রিপন হোসেন। তিনি মূলত ভাইপোর জন্য পাসপোর্ট অনুযায়ী জন্মসনদ ডিজিটাল করাতে সেদিন পরিষদে গিয়েছিলেন।

এদিকে, স্থানীয় লাউড়ি গ্রামের নাছিমা খাতুন নামে এক নারীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মসনদে বয়স সংশোধনের জন্য তার স্বামীর কাছ থেকে বাড়তি দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মৃণাল কান্তির বিরুদ্ধে।

ওই নারীর স্বামী মোর্শেদ আলমের অভিযোগ, তার স্ত্রী নাছিমা খাতুনের জন্মসনদ ছিল। সেই অনুযায়ী নাছিমার জাতীয় পরিচয়পত্র হয়েছে। পরে দেখা গেছে নাছিমা খাতুনের জাতীয় পরিচয়পত্রের সাথে জন্মসনদে বয়সের পার্থক্য প্রায় তিন বছর।

মোর্শেদ আলম বলেন, ‘‘এনআইডির বয়স অনুযায়ী আমার স্ত্রীর নতুন করে জন্মসনদ করার জন্য মাস তিনেক আগে শ্যামকুড় ইউনিয়ন পরিষদে গেলে সচিব মৃণাল কান্তি প্রথমে পাঁচশ’ টাকা চান। কাগজপত্রসহ আড়াইশ’ টাকা দিয়ে কাজ শুরু করতে বলি। বাকি টাকা জন্মসনদ নেওয়ার সময়ে দিতে চেয়েছি।’’

এরপর এক সপ্তাহ পার হলে সচিবের সাথে যোগাযোগ করলে সচিব জানান, এই কাজ ঢাকা থেকে করাতে হবে। তাতে পাঁচ হাজার টাকা খরচ আসবে। এরপর দফায় দফায় কথা বলে সচিব সর্বশেষ আড়াই হাজার টাকার নিচে হবে না বলে জানান।

‘পরে সচিবের নম্বরে দুই হাজার টাকা বিকাশ করলে পরেরদিন আমার স্ত্রীর বয়স ঠিক করে ডিজিটাল জন্ম সনদ দেন। আমি সচিবের বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর প্রমাণ হিসেবে তার স্ক্রিনশট রেখেছি।’

মোর্শেদ আলম বলেন, ‘সচিবের বেশি টাকা চাওয়ার বিষয়টি শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে জানিয়েছিলাম। চেয়ারম্যান ফোন করে সচিবকে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ সচিব রাখেননি।’

এদিকে, অভিযোগ উঠেছে, আওয়ামী সরকারের পতনের পর থেকে পরিষদে অনিয়মিত শ্যামকুড় ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন। এই সুযোগে স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন পরিষদের সচিব মৃণাল কান্তি। তিনি পরিষদে আগত সেবাগ্রহীতাদের কাছ থেকে যে কোনো সেবার নামে সরকার বা পরিষদ নির্ধারিত ফিসের বাইরে ইচ্ছেমতো বাড়তি টাকা আদায় করে আসছেন। তাছাড়া তার বিরুদ্ধে নির্ধারিত সময়ে হাজির না হয়ে নিয়মিত বেলা ১১টা বা দুপুর ১২টার দিকে পরিষদে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে সচিব মৃণাল কান্তি বলেন, ‘মোর্শেদের স্ত্রীর জন্মসনদ ঠিক করে দেওয়ার পর তিনি খুশি হয়ে আমাকে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন। আর রিপনের বাড়ি পরিষদের পাশে হওয়ায় সে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় নানা অযৌক্তিক দাবি করে। তা মিটাতে না পারায় আমার কথার ভিডিও করে ফেসবুকে ছেড়েছে।’
ইউএনও দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তানভীর হায়দার ইউএনওর পক্ষে জন্মসনদের জটিলতা সমাধানের কাজ করেন। সচিব মৃণাল কান্তির অভিযোগ, জটিল কেসে তানভীর মোটা দাগে টাকা দাবি করেন। কোনো কোনো ক্ষেত্রে আবেদনপ্রতি দুই হাজার টাকা পর্যন্ত তিনি নেন।

অভিযোগের বিষয়ে তানভীর হায়দার বলেন, ‘জন্মসনদে বয়স বা নাম সংশোধনে আবেদনের পর পঞ্চাশ থেকে একশ’ টাকা সরকারি ফি আছে। এর বাইরে কোনো টাকা লাগে না। আর এসব সংশোধন আমাদের অফিস থেকে হয়। ঢাকায় যাওয়া লাগে না।’

তানভীর হায়দার বলেন, ‘সচিবরা জন্মসনদের যেসব আবেদন আমাদের দপ্তরে পাঠান তার কাজ করতে আমি কোনো টাকা নিই না। সচিব এ কথা বলার কারণে তাকে ইউএনও শোকজ করেছেন।’

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘জন্ম নিবন্ধনে ত্রুটি সংশোধনের জন্য সচিবের বাড়তি টাকা দাবি করার অনেক অভিযোগ আমার কাছে এসেছে। আমি তাকে বহুবার সতর্ক করেছি, তিনি শোনেননি।’

তিনি আরও বলেন, ‘রিপনের ভাইপোর জন্ম নিবন্ধনে ইংরেজি নাম পাসপোর্টের সাথে মিল করে দিতে বলায় সচিবের তিন হাজার টাকা দাবি করার ভিডিও দেখে ভুক্তভোগীকে উপজেলা প্রশাসক বরাবর আবেদন দিতে বলেছি। তাছাড়া আমি নিজেও সচিবের বিষয়টি ইউএনওকে জানিয়েছি। তিনি সচিবকে শোকজ করেছেন।’

চেয়ারম্যান আলমগীর হোসেন আরও বলেন, সচিবের চাকরির বয়স ২০২৭ সালের এপ্রিলে শেষ হবে। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও আর অল্প সময় চাকরি থাকার কারণে তাকে এখান থেকে সরানো হচ্ছে না।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন বলেন, ‘শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিব জন্মসনদে বাড়তি টাকা চাওয়ার ভিডিও আমার নজরে এসেছে। এ অভিযোগে তাকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)