সম্পাদকীয়
শিক্ষার আলোয় আলোকিত হওয়ার কথা যে মেয়েদের, তাদের জীবন আটকে যাচ্ছে বাল্যবিয়ের অন্ধকারে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকার কথা যাদের, তারা এখন শ্বশুরবাড়ির সংসারে। যশোরের বাঘারপাড়া উপজেলার দর্গাহপুর মহিলা আলিম মাদরাসার চিত্র এটি। এই বাস্তবতা শুধু শিক্ষাব্যবস্থার বিপর্যয় নয়, এটি বাল্যবিয়ে, নারীশিক্ষার প্রতি সামাজিক অনীহা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহির অভাবের এক ভয়াবহ প্রতিচ্ছবি।
প্রতিবেদন অনুযায়ী, মাদরাসাটির আলিম দ্বিতীয় বর্ষের ২৭ জন এবং চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া আটজনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীই বাল্যবিয়ের শিকার। অর্থাৎ, যাদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করার কথা, তাদের অধিকাংশই এখন স্বামীর সংসারে। আরও উদ্বেগজনক হলো, জন্মনিবন্ধনের তথ্য উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে এসব বিয়ে নিবন্ধনের অভিযোগ উঠেছে। এটি শুধু বাল্যবিয়ের ঘটনা নয়, বরং আইনকে পাশ কাটিয়ে একটি শিশুর শিক্ষা ও ভবিষ্যৎ কেড়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরিরও ইঙ্গিত দেয়।
বাল্যবিয়ে প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের। অথচ মাদরাসাটির অধ্যক্ষের বক্তব্য, বিয়েতে বাধা দিলে অভিভাবকেরা মেয়েদের আর মাদরাসায় পাঠাবেন না। এমন যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষার্থীদের ধরে রাখার স্বার্থে বাল্যবিয়ের বিরুদ্ধে অবস্থান না নেওয়া মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব কেবল শিক্ষার্থীর নাম নিবন্ধন কিংবা পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা নয়; তাদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষাও সেই দায়িত্বের অংশ।
প্রতিষ্ঠানটির শিক্ষার মানের চিত্রও অত্যন্ত হতাশাজনক। ২০২৬ সালের আলিম পরীক্ষায় অংশ নেওয়া আটজনের সবাই অকৃতকার্য হয়েছেন। প্রত্যেকেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ফেল করেছেন। দীর্ঘদিন আইসিটি শিক্ষক না থাকা এবং গণিত, সমাজবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কৃষিশিক্ষা ও কুরআনের মতো আবশ্যিক বিষয়ে শিক্ষক না থাকার বিষয়টিও সামনে এসেছে। অথচ প্রতিষ্ঠানটিতে ২৫ জন শিক্ষক-কর্মচারী সরকারি বেতন-ভাতা পাচ্ছেন। সরকারের অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের অর্জন শূন্য। এর চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা আর কী হতে পারে?
শিক্ষার্থীশূন্য শ্রেণিকক্ষ, কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা ধরে রাখা, শিক্ষকদের নিজ উদ্যোগে পরিচিতজনের মেয়েদের ভর্তি করানোর অভিযোগ এবং বোর্ডের ফলাফলের সঙ্গে অধ্যক্ষের প্রদর্শিত ফলাফলের অসংগতির বিষয়গুলোও তদন্তের দাবি রাখে। এসব অভিযোগ সত্য হলে তা নিছক অব্যবস্থাপনা নয়; সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে।
তবে সমস্যার দায় শুধু মাদরাসা কর্তৃপক্ষের নয়। অভিভাবকদের মানসিকতা, স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক উদ্যোগের ঘাটতিও এর জন্য দায়ী। বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। জন্মনিবন্ধনের তথ্য গোপন করে বয়স বাড়িয়ে বিয়ে নিবন্ধনের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, কাজি ও অভিভাবকদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে।
এ অবস্থায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, মাদরাসা শিক্ষা বোর্ড ও মহিলাবিষয়ক অধিদপ্তরকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রথমত, মাদরাসাটির শিক্ষার্থী ভর্তি, উপস্থিতি, শিক্ষক নিয়োগ, বেতন-ভাতা এবং পরীক্ষার ফলাফল নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। দ্বিতীয়ত, বাল্যবিয়ের শিকার শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের পড়াশোনায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বয়স জালিয়াতির মাধ্যমে বিয়ে নিবন্ধনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মনে রাখতে হবে, একটি মেয়ের বিয়ে দিয়ে অভিভাবকের দায়িত্ব শেষ হয় না; বরং তার শিক্ষা, আত্মনির্ভরতা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই প্রকৃত দায়িত্ব। আর শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ অভিভাবকদের অসন্তুষ্টির ভয়ে অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবাই শ্বশুরবাড়িতে, সেখানে শুধু পরীক্ষার ফলাফল নয়, পুরো শিক্ষাব্যবস্থারই মূল্যায়ন জরুরি। দর্গাহপুর মহিলা আলিম মাদরাসার এই চিত্র যেন দেশের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ না হয়। মেয়েদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা এবং বাল্যবিয়ের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি।