নষ্ট হচ্ছে শর্ষে-ডালের বীজ
কুষ্টিয়া প্রতিনিধি
আমন ধানের ভরা মৌসুমে অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার কৃষকরা। মাঠে পাকা ধান থাকলেও জলাবদ্ধতার কারণে তা কাটতে পারছেন না তারা। পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে শর্ষে, মসুর, মটর ও খেসারিসহ বিভিন্ন রবি ফসলের বীজ। এতে প্রায় ৪০০ কৃষক পরিবারের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ‘বিলের মাঠ’ এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, প্রায় ৩৫০ থেকে ৩৭৫ হেক্টর জমিতে জলাবদ্ধতার কারণে পাকা ধান কাটতে বিলম্ব হচ্ছে। তাদের আশঙ্কা, মাঠে পড়ে থাকা ধান ঝরে গিয়ে বিপুল পরিমাণ ফসল নষ্ট হতে পারে। কৃষকদের হিসাবে, ক্ষতির মুখে পড়তে পারে প্রায় দুই হাজার ৫০০ মেট্রিক টন ধান।
কৃষকদের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর ধরে এ জলাবদ্ধতা নিরসনে নিষ্কাশন খাল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছরই জলাবদ্ধতায় ধান, ডাল ও তেলবীজের ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।
স্থানীয় কৃষক সাত্তার শেখ বলেন, ‘মাঠে ধানের চেহারা দেখলেই মন জুড়িয়ে যায়। এবার আমন ধানের ফলনও বেশ ভালো হয়েছে। পুরো মাঠের ধান পেকে সোনালি রং ধারণ করেছে। কিন্তু গত সপ্তাহের বৃষ্টিতে মাঠে পানি জমে থাকায় ধান কাটতে পারছি না। ধানের গাছও পানির ওপর শুয়ে পড়েছে। প্রতিবছর এ সময়ে ধান কাটার পাশাপাশি মসুর, মটর, খেসারি ও শর্ষেসহ বিভিন্ন রবি ফসলের বীজ বুনে থাকি। এবারও বুনেছিলাম। কিন্তু জলাবদ্ধতায় সব নষ্ট হয়ে গেল। এতে আমার অনেক টাকার বীজের ক্ষতি হয়েছে।’
আরেক কৃষক হাজি বজলু ফকির বলেন, প্রতিবছর এ মাঠে পানি জমে থাকায় কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। মাঠভরা ফসল দেখে যে স্বস্তি তৈরি হয়েছিল, তা এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের নামে বিভিন্ন খাতে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হলেও কার্যকর কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
কৃষকদের দাবি, সমস্যার স্থায়ী সমাধানে জরুরি ভিত্তিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জমির উপরিভাগের উচ্চতা ও ঢাল নির্ণয় করতে হবে। এরপর চিহ্নিত স্থানগুলোতে প্রয়োজনীয় সংখ্যক চেম্বার নির্মাণ এবং ভূগর্ভস্থ নিষ্কাশন চ্যানেল স্থাপন করতে হবে। তাদের মতে, এ ধরনের পরিকল্পিত ও টেকসই নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন কৃষকরা।
হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ মাঠটিতে দীর্ঘদিনের জলাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ড্রেনেজ খাল ও কালভার্ট ভরাট করে অবৈধ দখল, পাশাপাশি পরিষদের নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যক্তির অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এর স্থায়ী সমাধানে সবার সমন্বিত সদিচ্ছার পাশাপাশি সরকারি উদ্যোগে বড় প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন।’
মাঠটির দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা শাম্মী আক্তার মিলি বলেন, তার শালদাহ-পুরাতন কুষ্টিয়া ব্লকে প্রায় ৪৫০ হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে ৩৫০ হেক্টরের বেশি জমিতে বছরে তিনবার ধান আবাদ হয়। চলতি আমন মৌসুমে প্রায় এক হাজার বিঘা জমিতে পানি জমে থাকায় কৃষকরা সমস্যায় পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে সম্ভাব্য ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে হেক্টরপ্রতি ধানের ফলন সাড়ে ছয় মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুন বলেন, অসময়ের বৃষ্টিতে চলতি আমন মৌসুমে কিছু কিছু মাঠে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে পাকা ধান কাটায় সাময়িক বিঘ্ন ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি অস্থায়ী। তবে যেসব মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা রয়েছে, সেগুলোতে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।