চুয়াডাঙ্গা প্রতিনিধি
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজার ও হল্ট স্টেশন এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, হোটেল, ওষুধ ও খাদ্যপণ্যের দোকান তদারকি করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে শাহিন রেজার প্রতিষ্ঠান মেসার্স রিয়াদ হোটেলকে ২৫ হাজার টাকা এবং সুমন ছাদেকের প্রতিষ্ঠান মেসার্স হ্যাপি স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আজহারুল করিমের প্রতিষ্ঠান মেসার্স মীম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অনিয়ম সংশোধন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে হল্ট স্টেশন ও দর্শনা বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশুখাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।