বিশেষ প্রতিনিধি
, যশোর
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল রসিকতা করে বললেন, ‘আপনারার এহেনে সব বেহেশতবাসী! আসলাম একটু বেহেশতের থেকে কিছু আলো-হাওয়া নেওয়ার জন্যে। শরবতে তহুরা, আঙ্গুর, নাশপতি, বেদানা- যা যা আছে সব লইয়া যামু! কিন্তু আপনাদের মন্ত্রী মহোদয় এইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইলেন। বেহেশতবাসীদের তো পরিপূর্ণ মর্যাদা দিয়ে আল্লাহ তায়ালা বেহেশতের মধ্যে রাখেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আর কী দেবেন আপনাদের, আপনারাই বলেন। আমরা দোজখবাসীরা কই যাবো? সব চাওয়া এই বেহেশতের একজন মানুষ চাইছে।’
স্বাস্থ্যমন্ত্রী সোমবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় বক্তৃতাকালে এইসব কথা বলেন।
যশোর-৩ আসনের সংসদ সদস্য, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জনসভায় প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর পক্ষে বেনপোল স্থলবন্দরের আধুনিকীকরণ, যশোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় অথবা কেশবপুরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়, ভবদহ জলাবদ্ধতার চিরস্থায়ী সমাধানসহ বেশকিছু চাওয়া উত্থাপন করেন।
তার বক্তৃতার পর স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে উল্লিখিত কথা বলেন। তিনি যশোরের ছয়টি আসনের পাঁচটিতে বিরোধীদলের এমপি নির্বাচিত হওয়ায় রসিকতা করে এইসব কথা বলেন।
তিনি বলেন, ‘যাক, একটা কথা আপনাদের বলি- যারা আপনাদের কাছে মিথ্যা বলে দিয়েছে, শিরক করেছে আল্লাহর সাথে... আল্লাহর সাথে শিরক করা মানে দোজখে যাওয়া।’
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে যশোরে এসে জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে কটাক্ষ করে বেহেশত-দোজখের প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কিয়ামতের দিন উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। নবীজি কেঁদে কেঁদে আমাদের দোজখ থেকে বেহেশতে নেবেন। অথচ, সেই বেহেশত একটা বিশেষ মার্কায় ভোট দেওয়ার কথা বলে আপনাদের দিয়ে দিয়েছে।’
তিনি বলেন, অতীতে ভুল সিদ্ধান্ত হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় তিনি দুই রাকাত নফল নামাজ পড়ে ক্ষমা প্রার্থনার কথাও বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যশোরে যে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, বর্তমান মেয়াদের মধ্যেই সেটি চালুর ব্যবস্থা করা হবে।
এছাড়া স্থানীয় দুটি প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। সুইড মানসিক প্রতিবন্ধী স্কুল এবং কপোতাক্ষ লায়ন্স হাসপাতাল-এর জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাসও দেন।