স্টাফ রিপোর্টার
, যশোর
দীর্ঘদিন পর যশোরের মাটি যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। সোমবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় যোগ দিতে ব্যানার, ফেস্টুন আর বাদ্যযন্ত্র নিয়ে হাজির হন হাজার হাজার নেতাকর্মী। বিশেষ করে নেতাকর্মীদের বর্ণাঢ্য সাজসজ্জা এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো জনসভাকে একটি রাজনৈতিক উৎসবে রূপ দেয়।
বিকেল সাড়ে ৩টায় জনসভার নির্ধারিত সময় থাকলেও সকাল ১০টা থেকেই নানা প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। দুপুর গড়ানোর আগেই যশোর শহরের অলিগলি পেরিয়ে মিছিলের স্রোত আছড়ে পড়ে ঈদগাহ ময়দানে। যা এক পর্যায়ে ঈদগাহছাপিয়ে আশপাশের রাস্তায় তীব্র জনস্রোত তৈরি করে।
জনসভায় আসা নেতাকর্মীদের অধিকাংশের গায়ে ছিল রঙিন টি-শার্ট, মাথায় ছিল জাতীয় পতাকা খচিত ফিতা ও দলীয় প্রতীক সম্বলিত টুপি। অনেকে আবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত গেনজি পরে জনসভায় অংশ নেন। অনেক নেতাকর্মী তারেক রহমানসহ নেতাদের রঙিন ছবি নিয়ে জনসভায় অংশ নিয়েছিলেন।
তাদের কারো কারো হাতে জাতীয় ও দলীয় পতাকা শোভা পায়। কেউ কেউ দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে হাজির হয়েছিলেন। দুএকজনতো গোটা ধানগাছ দিয়ে শরীর মুড়িয়ে এসেছিলেন। বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলগুলো যখন ময়দানে প্রবেশ করছিল, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
জনসভায় বিপুল হাজার হাজার মানুষের সমাগম থাকলেও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশ দেখা গেছে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোরের মানুষের দীর্ঘ সংগ্রামের প্রশংসা করেন এবং জনসেবায় বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।