স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ঝিনাইদহ থেকে আটক মাসুদুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমাণ্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আটক মাসুদুর রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের চৌগাছার পুড়োপাড়া বাজারের বাসিন্দা বৃদ্ধ মাহবুব হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৬ জুন তিনি যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ি আসেন।
রাত ১০টার দিকে তিনি যাত্রী নিয়ে আবার চৌগাছায় রওনা দেন। পথিমধ্যে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ইজিবাইকের গতিরোধ করে। পরে তাকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে এক হাজার ২শ’ টাকা, মোবাইল ফোন ও ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় চালক মাহবুব হোসেন গত ৪ জুন আদালতে মাসুদুরসহ দুজনকে আসামি করে মামলা করেন। এটি আদালতের আদেশে গত ১৩ জুন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।
মামলার তদন্তকালে আসামি মাসুদুর রহমানের অবস্থান শণাক্ত করে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে থেকে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-২২-৫১৪২) তাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয়। মাসুদুরকে ইজিবাইক ছিনতাই মামলায় আটক দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ গত ২০ জুন পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।