মাগুরা প্রতিনিধি
"মরুরে চাহিনা চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাই, কচি-সবুজ বাহিনী মোরা পরিবর্তনে আমরাই" এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় 'সবুজ উৎসব ২০২৬' উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'পরিবর্তনে আমরাই'।
রবিবার (১৯ জুলাই) সকালে মাগুরা পৌরসভার সহযোগিতায় শহরের নতুন বাজার এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
সংগঠনের প্রতিষ্ঠাতা নাহিদুর রহমান দুর্জয় জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা দীর্ঘ কয়েক বছর যাবৎ নিয়মিত এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ বছরও এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে এবারের কর্মসূচিতে একটি বিশেষত্ব রয়েছে; যে কয়টি গাছের চারা রোপণ করা হচ্ছে, তার প্রত্যেকটির 'জিও লোকেশন' যুক্ত করা হচ্ছে। এই জিও লোকেশনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্যাটেলাইট ভিউয়ের সাহায্যে গাছটির অবস্থান ও প্রবৃদ্ধি পর্যবেক্ষণ করা যাবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ রক্ষার্থে সবাইকে অন্তত একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত বছর এই স্বেচ্ছাসেবী সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ করেছিল। এরই ধারাবাহিকতায় এ বছর প্রাথমিকভাব ১ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে তারা।