সাতক্ষীরা প্রতিনিধি
কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পিয়ার আলী গাজীর (৮৪) কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
পিয়ার আলী গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের সফেদ আলী গাজীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের বসন্তপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে যান। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে গিয়ে তাকে না পেয়ে বিষয়টি বিজিবিকে জানানো হয়।
এরপর বিজিবি, কালিগঞ্জ থানা-পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। কিন্তু সন্ধান মেলেনি।
শুক্রবারও খুলনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রাখেন।
নিখোঁজ বৃদ্ধের ছেলে আব্দুস সবুর বলেন, আমার বাবা বার্ধক্যজনিত কারণে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা সব সময় তাকে নজরে রাখতেন। কীভাবে তিনি সবার অজান্তে নদীতে চলে গেলেন, তা বুঝতে পারিনি।
স্থানীয়দের ধারণা, নদীতে মাছ ধরার সময় তিনি কুমিরের আক্রমণের শিকার হয়ে থাকতে পারেন, অথবা অসুস্থ হয়ে নদীর স্রোতে ভেসে গেছেন। তবে, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।