অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিএনপি নেতা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুলতানা আহমেদ। এ সময় বক্তব্য দেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা ও বিএনপি নেতা মশিয়ার রহমান মশি।
সভায় উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য সুলতানা আহমেদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপি নেতারা।