স্টাফ রিপোর্টার
, যশোর
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, সমাজতন্ত্রের সংগ্রাম ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ইলাহদাদ খানের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতারা।
তারা বলেন, প্রতিকূলতার মধ্যেও তিনি আজীবন মানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন। তার আদর্শ ও মানবিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শনিবার (২৪ অক্টোবর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সিপিবি যশোর জেলা কমিটি আয়োজিত তার প্রথম প্রয়াণবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ২০২৫ সালের ২১ অক্টোবর মারা যান ইলাহদাদ খান।
সিপিবির যশোর জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রভাষক মহিব্বুল্লাহ মহিব।
বক্তব্য রাখেন ইলাহদাদ খানের স্ত্রী অধ্যাপক সুরাইয়া শরীফ, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক তসলিমুর রহমান, বাসদ নেতা শাহজান আলী, জাসদ নেতা আবুল কায়েস এবং উদীচী যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।
১৯৪৯ সালের ১ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে জন্মগ্রহণ করেন ইলাহদাদ খান। ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন করপোরেশনে (ইপিএডিসি) যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।
সেখানে ট্রেড ইউনিয়ন আন্দোলনে যুক্ত হয়ে পরে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে সক্রিয় হন।
১৯৯৩ সালে সিপিবিতে ভাঙনের পর যশোরে দল পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তিন দশকেরও বেশি সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
স্মরণসভায় বক্তারা তার আদর্শ, মানবিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত তুলে ধরে তার অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।