সুবর্ণভূমি ডেস্ক
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ টোকিওর উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হবে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার রওনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। এই বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব, বিনিয়োগ সম্প্রসারণ ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।
সফরকালে প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি ও চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হবে।
এছাড়া সফরকালীন কর্মসূচিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান বহিঃবাণিজ্য সংস্থা (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি জাপানের এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদর দফতর ও টয়োটার কারখানাও পরিদর্শন করতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের সফরে গত ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এই চুক্তির ফলে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও বাজারসুবিধা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।