স্টাফ রিপোর্টার
, যশোর
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশত্যাগী শেখ হাসিনা তার অনুসারীদের দিয়ে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন।
ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে শেখ হাসিনা ও তার দোসরদের কোনো ঠাঁই হবে না উল্লেখ করে তারা বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।
একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্র প্রতিহত করার ঘোষণা দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা।
এম তমাল আহমেদ বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনুসারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। যুবদল রাজপথে থেকে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।
কোনো অপশক্তিকে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন।
আনসারুল হক রানা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের রাজনীতি এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের কোনো জায়গা নেই।
যারা গোপনে কিংবা প্রকাশ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যুবদলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এর আগে শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান।