লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে। দূর থেকে নৈরাজ্য সৃষ্টি না করে নিজেদের বাড়িঘরে এসে শান্তিতে বসবাস করুন। কেউ আপনাদের কিছু বলবে না। বাড়িতে এসে সকলের সঙ্গে মিলেমিশে চলুন।
লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও কথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ সমাবেশে উপরোক্ত মন্তব্য করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
শনিবার বিকেলে মধুমতী সেতুর পশ্চিমপাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সঙ্গে সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, শাহরিয়ার রিজভী জর্জ, খন্দকার ইজাজুল হাসান বাবু, মাহাবুব মোর্শেদ জাপল, মো. টিপু সুলতান, মিলু শরীফ, শেখ মশিয়ার রহমান সান্টু, রসুল সিকদার, শাহাদাত রুবেল, খান মাহমুদ আলম প্রমুখ।