যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণ-নিপীড়নের অবসান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) যশোর জেলা পরিষদের বিডি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যশোর জেলা আয়োজিত 'দায়িত্বশীল সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কৃষি, শিল্প, পরিবহন, বন্দর ও রপ্তানি খাতসহ সর্বত্র শ্রমিকের ঘাম ও শ্রম জাতীয় অগ্রগতির ভিত্তি। অথচ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় অনেক শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সম্মানজনক কর্মপরিবেশ থেকে বঞ্চিত।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, মানব রচিত বিভিন্ন মতবাদ অতীতে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান দিতে পারেনি। ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শই শ্রমিকের অধিকার নিশ্চিত করার সর্বোত্তম পথ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের ন্যায্য মজুরি, মর্যাদা ও মানবিক আচরণের যে শিক্ষা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত শ্রমিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
তিনি সংগঠনের নেতাকর্মীদের সততা, দক্ষতা ও আদর্শিক চেতনা নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে পরিবহন, বন্দর ও টার্মিনালসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি, জুলুম ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর প্রায় ৫৫ বছর পেরিয়ে গেলেও শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোনো সরকার কার্যকর ও আন্তরিক উদ্যোগ নিতে পারেনি। সরকার পরিবর্তন হয়েছে, নীতি ও বাজেট বদলেছে, কিন্তু শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
কৃষি শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষিতে বাংলাদেশের সাফল্যের পেছনে কৃষি শ্রমিকদের কঠোর পরিশ্রম রয়েছে। তাদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে। শোষণমুক্ত সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইসলামী আন্দোলনের সকল শহীদের জন্য দোয়া কামনা করেন।
তিনি বলেন, বর্তমান সময়ে শ্রমজীবী মানুষের কাছে ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের দাওয়াত পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যবাদিতা, আমানতদারিতা, সহনশীলতা ও মানবসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, শ্রমিক সংগঠনকে ট্রেডভিত্তিকভাবে আরও সুসংগঠিত করতে হবে এবং দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। ব্যক্তিগত পদ-পদবির আকাঙ্ক্ষা নয়, বরং আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি বর্তমান অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে সংগঠন সম্প্রসারণ ও দাওয়াতি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মশিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, দপ্তর সম্পাদক নূর-ই-আলি নুর আল মামুন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান, সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে অনুষ্ঠান পরিচালনা করেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি সাইফুর রহমান।