সুবর্ণভূমি ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১১ জুলাই) দুপুরে ইউনিয়নের পাঁচ নম্বর ইলশা ওয়ার্ডে একশ’ দুর্গত মানুষের মাঝে দশ কেজি করে চাল এবং দুইশ’ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার চট্টগ্রাম পৌঁছে প্রশাসনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে বের হন।
এ সময় চট্রগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্রগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং কর্মহীন মানুষের মুখে খাবার পৌঁছে দেওয়া হবে বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, পরিকল্পনামাফিক সমন্বিতভাবে কাজ করলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বন্যার্তদের দুর্ভোগ লাঘব করা সহজ হবে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের আশ্রয় দেওয়া শুধু নয়; তারা ঠিকমতো খাবার পাচ্ছেন কিনা, চিকিৎসা ব্যবস্থা, ওষুধসহ প্রতিটি বিষয় দেখভাল করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত জেলা প্রশাসককে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১০ জুলাই) প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল এবং সুসমন্বিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেয় সরকার।