স্টাফ রিপোর্টার
, যশোর
জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার বিকেলে শহরের ঈদগাহ মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলের জেলার শীর্ষনেতারা ছাড়াও জুলাই আন্দোলনে শহীদ ও আহতের পরিবারের সদস্যরা অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করা- জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননা। যা জনগণ কখনো মেনে নেবে না। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।
নেতৃবৃন্দ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে সরকারকে আহবান জানান। একইসাথে জুলাই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শামসুজ্জামান, হাশেম রেজা, এনসিপির জেলা সমন্বয়কারী নুরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের রাশেদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি র্যালি শহরের দড়াটানা, আরএন রোড হয়ে মণিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।