ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে আমাদের সমর্থন থাকবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তাদের স্মরণ করে আগামী দিনের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা দ্বীন ইসলাম, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিব কায়সার বিন সাঈদসহ বিভিন্ন ইউনিয়নের আমির, সেক্রেটারি এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।