মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ইমিটেশন জুয়েলারি উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তুতকারক ও উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার হলরুমে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ বিসিকের ডেপুটি ম্যানেজার সেলিনা রহমান।
এ সময় বক্তব্য দেন কেমিক্যাল ব্যবসায়ী তাইজুল ইসলাম ও আমির হোসেন। কর্মশালায় প্রায় অর্ধশত উদ্যোক্তা অংশ নেন।
কর্মশালায় ইমিটেশন জুয়েলারি উৎপাদন বৃদ্ধি, বাজারে এর চাহিদা সম্প্রসারণ এবং এ শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহেশপুরের ইমিটেশন জুয়েলারি দেশের উল্লেখযোগ্য একটি বাজার দখল করে আছে। এ শিল্পের সঙ্গে এ উপজেলায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক এবং ২ থেকে ৩ হাজার উদ্যোক্তা যুক্ত রয়েছেন।
বক্তারা ইমিটেশন জুয়েলারি শিল্পকে টিকিয়ে রাখা ও আরও বিকশিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শিশুনিলয় ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ইমদাদুল হোসেন।