চৌগাছা (যশোর) প্রতিনিধি
কাগজপত্র ছাড়াই অন্য উপজেলায় নেওয়ার পথে ৩৭ বস্তা সরকারি সারসহ একটি আলমসাধু আটক করেছে চৌগাছার চাঁদপুর এলাকার লোকজন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ওই সার জব্দ করেন।
মঙ্গলবার সকালে চৌগাছা পৌর শহরের চাঁদপুর বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আলমসাধুর চালককে জরিমানা ও সারের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব জানিয়েছেন, সার বহনকারী আলমসাধুর চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা এবং সারের মালিক খাইরুলের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বলা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে তারা একটি আলমসাধু (স্থানীয়ভাবে নির্মিত যন্ত্রযান) আটক করেন। খবর পেয়ে সেখানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ মুনীব ও উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। পরে আলমসাধু থেকে ৩৭ বস্তা সার জব্দ করা হয়।
চৌগাছা থেকে সরকারি সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন সময় আলমসাধু, ভ্যান, পিকআপ ও ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। অনেক সময় কালো পলিথিনে সেগুলো ঢেকে পরিবহন করা হয়।
কিছু সার ব্যবসায়ী ও স্থানীয়দের বিরুদ্ধে সরকারি সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো ডিলারের গোডাউনে বিপুল পরিমাণ সার মজুদ থাকলেও তা রেজিস্ট্রারে যথাযথভাবে দেখানো হয় না। পরে এসব সার চড়া দামে বিক্রির অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, চৌগাছা পৌর এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে সার ব্যবসা পরিচালনা করছেন। প্রশাসনের অভিযানের আগেই সংশ্লিষ্ট দোকানদারদের কাছে খবর পৌঁছে যায় এবং তারা দোকান বন্ধ করে দেন। মঙ্গলবারের অভিযান নিয়েও একই ধরনের অভিযোগ স্থানীয়দের।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।