মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেমাঠ বাজারে ‘রাশিদুল ট্রেডার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি অফিস।
এ সময় প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ কীটনাশক ও মনোজিংক জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলেমাঠ বাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তল্লাশিতে অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে রাখা বিভিন্ন কোম্পানির মনোজিংকসহ কীটনাশক পাওয়া যায়। পরে নিয়ম অনুযায়ী দোকান থেকে ওই পণ্য জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ইয়াসমিন সুলতানা জানান, কৃষকদের মানসম্মত ও নিরাপদ কৃষিপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা কীটনাশক ও সারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।