মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমাম হোসেন জ্যোতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আমিরুল ইসলাম এবং মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও উপকারভোগী কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাসময়ে সঠিক নিয়মে বীজ বপন ও সার প্রয়োগের মাধ্যমে সরিষাসহ রবিশস্যের বাম্পার ফলন নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তারা।
আলোচনা শেষে উপস্থিত প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিরা।