বিদেশফেরতদের কর্মসংস্থানে
স্টাফ রিপোর্টার
, যশোর
বিদেশে গিয়ে প্রতারণা ও নানা প্রতিকূলতার শিকার হয়ে দেশে ফেরা কর্মীদের পুনর্বাসন এবং কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা-২০২৬’। মেলায় ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে দুই হাজারের বেশি পদে নিয়োগের সুযোগ দেয়, যেখানে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। টিটিসির আয়োজনে এবং আশ্বাস প্রকল্প ও রাইটস যশোরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। দিনশেষে বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়া এক হাজার ৩২২টি জীবনবৃত্তান্তের (সিভি) বিপরীতে প্রাথমিকভাবে ৬৯১ জন এবং চূড়ান্তভাবে ১৪৯ জন নির্বাচিত হয়েছেন।
সকাল ৯টায় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আরএফএল ও ইউনি ফ্যাশনের পক্ষ থেকে দুজনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, আশ্বাস প্রকল্প ও উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত, যশোর টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিয়া জামান ও এস এম আজহারুল ইসলাম।
আশ্বাস প্রকল্প ও উইনরক ইন্টারন্যাশনালের প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত জানান, মেলায় ৫৬ জন বিদেশফেরত নারী-পুরুষ সিভি জমা দেন এবং তাদের সবাই প্রাথমিকভাবে মনোনীত হন। এর মধ্যে ৩৩ জনকে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সুইস দূতাবাসের অর্থায়নে পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় ইলেকট্রিক্যাল, ড্রাইভিং, সুইং ও ওয়েল্ডিংসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া বিদেশফেরত কর্মীদের (সারভাইভার) কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন আরএফএলে। প্রতিষ্ঠানটিতে ৩০০টি সিভি জমা পড়ে এবং প্রাথমিকভাবে নির্বাচিত হন ১০৫ জন।
আয়েশা আবেদ ফাউন্ডেশন লিমিটেডে ১৮৬টি সিভির বিপরীতে প্রাথমিকভাবে ৮০ জন এবং চূড়ান্তভাবে ৪৬ জন নির্বাচিত হয়েছেন।
গ্রিনবোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডে জমা পড়া ৩৫টি সিভির বিপরীতে সবাই চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ইউনি ফ্যাশনে দশজন, প্যাকোতে দুই এবং গ্রিন টেকনোলজিস লিমিটেডে একজন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মেলায় আফিল গ্রুপ, ডিজিকন টেকনোলজিস, নেক্সট লিডার্স, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ও আহাদ জুটমিলসসহ মোট ২০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
মেলা পরিদর্শনে এসে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, গত বছর এ মেলার মাধ্যমে ৭০ জনের কর্মসংস্থান হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ‘প্রকল্পের আওতায় থাকা ৬৪ জন সারভাইভারের সবারই যেন কর্মসংস্থানের সুযোগ হয়, সেটিই আমাদের প্রত্যাশা। পাশাপাশি অন্যান্য বেকার তরুণ-তরুণীরাও নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ পাচ্ছেন।’
যশোর টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ জানান, সিসেপ ও আশ্বাস প্রকল্পের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে মেলাটি সম্পন্ন হয়েছে। বিদেশফেরত কর্মীদের পাশাপাশি টিটিসি থেকে প্রশিক্ষণ নেওয়া তরুণ-তরুণীদের কর্মসংস্থান নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
চাকরিপ্রত্যাশী বিদেশফেরত রাকিব হাসান বলেন, ‘বিদেশ থেকে ফিরে অনিশ্চয়তার মধ্যে ছিলাম। এখানে চাকরির সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। নিজের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে নতুন করে জীবন শুরু করতে পারবো।’
টিটিসি থেকে প্রশিক্ষণ নেওয়া আরেক চাকরিপ্রত্যাশী পিয়াল রহমান বলেন, ‘প্রশিক্ষণ শেষে চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছিল। মেলায় এক জায়গায় অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা ও সিভি জমা দেওয়ার সুযোগ পেয়েছি। আশা করছি যোগ্যতা অনুযায়ী একটি চাকরি পাবো।’