যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বন্ধের এক ঘণ্টা পর নড়াইলে ফের চালু তিন ইটভাটা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৪:৫৯ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৭:০১ পিএম
বন্ধের এক ঘণ্টা পর নড়াইলে ফের চালু তিন ইটভাটা

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটার চুল্লি ও কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে অভিযানের মাত্র এক ঘণ্টা পরই ভাটাগুলো আবার চালু করার অভিযোগ উঠেছে।

কোনো ধরনের জরিমানা না করায় এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দ্রুত ভাটাগুলো চালু হওয়ায় এই অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানের আওতায় থাকা ভাটাগুলো হলো মেসার্স আলো ব্রিকস, মেসার্স শেখ ব্রিকস ও মেসার্স কাতার ব্রিকস।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে এক্সকাভেটর (ভেকু) দিয়ে ইটভাটাগুলোর স্থাপনা ও চুল্লি এবং ট্রাক্টর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে ভবিষ্যতে আর পরিচালনা না করার জন্য মালিকপক্ষকে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার এক ঘণ্টার মধ্যেই তিনটি ইটভাটাতেই আবার কাজ শুরু হয়ে যায়। সরকারি নিষেধাজ্ঞা ও ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কীভাবে ভাটাগুলো চালু হলো, তা নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, জরিমানা বা কঠোর শাস্তি না দিয়ে কেবল স্থাপনা আংশিক ভেঙে চলে যাওয়ায় অভিযানটি কার্যকর হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসিফুর রহমান এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস।

এ বিষয়ে নড়াইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০১০ সালে নিষিদ্ধঘোষিত ড্রাম চিমনি ও ১২০ ফুট চিমনির সনাতন পদ্ধতির ইটভাটা সম্পূর্ণ অবৈধ।

এ কারণে অভিযান চালিয়ে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব স্থানে কোনো ইটভাটা চালানো যাবে না। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত দূরত্বের সীমাবদ্ধতা থাকায় এখানে আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপনেরও বৈধ সুযোগ নেই।

অভিযানে কোনো জরিমানা করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল মালেক মিয়া জানান, ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আলাদাভাবে কোনো অর্থদণ্ড দেওয়া হয়নি।

এদিকে জরিমানা ছাড়া এমন অভিযান এবং এক ঘণ্টার মাথায় ভাটাগুলো আবার চালু হওয়ার ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা বলছেন, নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালানো এসব ইটভাটার বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)