মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে মহেশপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মী ও স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধে খামারিদের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি এ খাতকে আরও সম্ভাবনাময় ও রপ্তানিমুখী করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান বক্তারা।