মাগুরা প্রতিনিধি
মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শহরের পশু হাসপাতাল সড়কে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহিরকান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশের প্রতিনিধি, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও জেলার বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে মোট ২৫টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে জেলার খামারিদের লালন-পালন করা উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, কবুতর, খরগোশ ও পোষা বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি রয়েছে প্রাণিসম্পদ প্রযুক্তি কর্নার এবং গবাদিপশুর জন্য বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা ক্যাম্প।